সর্বশেষ:
Home / জাতীয় / মায়ের হাত ধরে সড়ক পার হচ্ছিল শিশুটি, ছুটতেই বাসচাপায় প্রাণ গেল

মায়ের হাত ধরে সড়ক পার হচ্ছিল শিশুটি, ছুটতেই বাসচাপায় প্রাণ গেল

নোয়াখালী প্রতিনিধি | Najinews

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় হাসনা জান্নাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মায়ের সঙ্গে নানার বাড়ি যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড়ে গেলে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ঢাকা পোল এলাকায় চাটখিল–সোনাইমুড়ী–রামগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসনা জান্নাত চাটখিল পৌরসভার সুন্দলপুর গ্রামের মো. হাসানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মা রেহানা বেগমের সঙ্গে বাবার বাড়ি থেকে নানার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় হাসনা। পথে তারা একটি অটোরিকশা থেকে ঢাকা পোল এলাকায় নেমে সড়ক পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হতে গেলে রামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হিমালয় পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত হাসনা জান্নাতকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, সড়ক পার হওয়ার সময় দ্রুত দৌড়ে যাওয়ায় বাসটি শিশুটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। বাসটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারাও এমন দুর্ঘটনা এড়াতে সড়কে আরও সতর্কতা এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Check Also

রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় দাদা, বাবা ও শিশু বন্ধনের মর্মান্তিক মৃত্যু

রংপুর প্রতিনিধি | Najinews রংপুরের গঙ্গাচড়া উপজেলার মন্থনা বাজার এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একই …